গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ় করার আহ্বান ডিসি ফরিদার

নিজস্ব প্রতিনিধি :
নিজস্ব প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ৭:১০ পিএম
গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ় করার আহ্বান ডিসি ফরিদার

জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও আদর্শের ভিন্নতা স্বাভাবিক। তবে জাতীয় স্বার্থ, সামাজিক সম্প্রীতি ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ফরিদা খানম বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিহাসের সঠিক মূল্যায়নে তথ্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি ও অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি। অতীতকে অনুধাবন করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সবার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। রাষ্ট্রের অগ্রযাত্রা ও স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি।

বিজ্ঞাপন

জনপ্রশাসনের দায়িত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, নাগরিক অধিকার সুরক্ষা ও সরকারি সেবার মানোন্নয়ন প্রশাসনের অন্যতম দায়িত্ব। স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারত্বের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের জনসেবায় কাজ করতে হবে।

নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিকত্বের মূল্যবোধ জাগ্রত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে লালবাগ জোনের উপকমিশনার মো. মোশতাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুল আলম, জেলা কমান্ড্যান্ট মো. মাইনুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র ও বই বিতরণ করা হয়।